কালিন্দীতে নিখোঁজ জেলের লাশ মিলল ইছামতী নদীতে

হোম » খুলনা » কালিন্দীতে নিখোঁজ জেলের লাশ মিলল ইছামতী নদীতে
শনিবার ● ১ আগস্ট ২০২৬


কালিন্দীতে নিখোঁজ জেলের লাশ মিলল ইছামতী নদীতেসাগরকন্যা প্রতিবেদক, সাতক্ষীরা

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে মো. পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত প্রায় ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকা থেকে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে কালিন্দী নদীতে যান পিয়ার আলী গাজী। নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

 

শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, ডুবুরি দল এবং স্থানীয় শতাধিক মানুষ নদী ও আশপাশের এলাকায় দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করলেও তার সন্ধান মেলেনি।

 

পরে শুক্রবার রাত প্রায় ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় মাছ ধরার সময় স্থানীয় এক জেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পিয়ার আলীর ছেলে আব্দুস সবুরকে খবর দেন। পরে তিনি স্বজন ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শনাক্ত করেন।

 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩:১৯:৫০ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ