মৎস্য বিভাগের অভিযানে হামলা, জব্দ করা জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

হোম » ঢাকা » মৎস্য বিভাগের অভিযানে হামলা, জব্দ করা জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬


মৎস্য বিভাগের অভিযানে হামলা, জব্দ করা জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগসাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর

 

ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে পরিচালিত মৎস্য বিভাগের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অভিযানে অংশ নেওয়া কামরুল বিশ্বাস (৫০) নামে এক শ্রমিক আহত হন। হামলার সুযোগে জব্দ করা ৩৫ থেকে ৪০টি অবৈধ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

 

ঘটনাটি বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া এলাকায় আড়িয়াল খাঁ নদে ঘটে। আহত কামরুল বিশ্বাসকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় চর বলাশিয়া এলাকায় অবৈধ ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ সদস্যসহ প্রায় ১৫ জনের একটি দল অংশ নেয়। এ সময় নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।

 

অভিযোগ রয়েছে, অভিযান চলাকালে ১০ থেকে ১৫ জন (অন্য একটি সূত্রে ২০ থেকে ৩০ জন) ব্যক্তির একটি দল অতর্কিত হামলা চালায়। এতে অভিযানে অংশ নেওয়া কয়েকজন আহত হন। হামলাকারীরা জব্দ করা প্রায় ৩৫ থেকে ৪০টি অবৈধ জাল ছিনিয়ে নিয়ে যায়।

 

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উদ্ধার হওয়া অবশিষ্ট প্রায় ২২০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে নদীর তীরে জনসম্মুখে ধ্বংস করা হয়।

 

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার বলেন, অভিযানের সময় চারপাশ থেকে ১০ থেকে ১৫ জনের মতো লোক আমাদের ঘিরে হামলা চালায়। এতে আমাদের অফিসের দুজন আহত হন। একজন সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত থানায় মামলা করা হবে।

 

উপজেলা মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে পরিচালিত অভিযানে হামলার সময় একজন শ্রমিক আহত হন এবং হামলাকারীরা জব্দ করা ৩৫ থেকে ৪০টি জাল ছিনিয়ে নিয়ে যায়। পরে অবশিষ্ট প্রায় ২২০টি জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

 

মৎস্য অধিদপ্তর জানায়, চায়না দুয়ারি জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন, পোনা সংরক্ষণ এবং নদী-জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:১৮ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ