সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি-সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত-সমর্থিত মো. জালাল উদ্দিন মল্লিক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত গভীর পর্যন্ত ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯টি সম্পাদকীয় ও ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আব্দুল ওলি, জুনিয়র সহ-সভাপতি হিসেবে শেখ মো. সাহিবুর রহমান সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব মোর্শেদ লাল এবং অর্থ ও হিসাববিষয়ক সহ-সম্পাদক হিসেবে শেখ মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত বলেন, খুবই শান্তিপূর্ণভাবে এবার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে সব প্রার্থী ও ভোটার দায়িত্বশীল আচরণ করেছেন।
উল্লেখ্য, এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এস. এম. নওরেজ মহীত, মো. রেজওয়ানুর রহমান মোল্লা ও মোসা. মেহেরুন্নেছা দায়িত্ব পালন করেন। ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাতে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়।