
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বিকাশ অ্যাকাউন্টে মাত্র তিন ঘণ্টায় ৯৯ লাখ ৯০ হাজার ৪৫২ টাকা লেনদেনের অভিযোগে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামের মৃত পরিমল হালদারের ছেলে প্রদীপ হালদার (৩০) এবং মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গোলবুনিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার খরাতীর ছেলে সমীর চন্দ্র খরাতী (৪০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অঙ্গন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় একটি বিকাশ অফিসে অভিযান চালায় পুলিশ। সেখানে বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে সমীর চন্দ্র খরাতীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭টি সিম কার্ড, দুটি ল্যাপটপ ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে সমীরের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার নিজ বাড়ি থেকে বিকাশ ম্যানেজার প্রদীপ হালদারকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, তদন্তে একটি বিকাশ অ্যাকাউন্টে মাত্র তিন ঘণ্টায় ৯৯ লাখ ৯০ হাজার ৪৫২ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। ওই অর্থ অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান সিকদার বাদী হয়ে অনলাইন জুয়া প্রতিরোধ আইনে মামলা করেছেন।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং অনলাইন জুয়ার নেটওয়ার্ক কতটা বিস্তৃত, তা তদন্ত করে দেখা হচ্ছে।