গৌরনদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী

হোম » বরিশাল » গৌরনদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী
শনিবার ● ২৫ জুলাই ২০২৬


-


সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে সমাজসেবামূলক সংগঠন অপরাজিতা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে আয়োজিত এ ক্যাম্পে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়।

 

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন গাজী মেডিকেল কলেজ ও হাসপাতাল, খুলনার সহকারী অধ্যাপক ডা. বিশ্ব দাস চৌধুরী, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালের মেডিকেল অফিসার ডা. মনিকা মল্লিক এবং নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. অনিমেষ জয়ধর। একই সঙ্গে আগত সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

 

আয়োজকরা জানান, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাজিতা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর তালুকদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মানুষের সেবাই সর্বোচ্চ মানবিক কাজ। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

 

এ সময় অপরাজিতা ফাউন্ডেশনের সদস্য, স্বেচ্ছাসেবক, চিকিৎসক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মানবিক এ আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১১:৪০:৫০ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ