
সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)
বরগুনা বেতাগী পৌরশহরে সরকারি জমি দখল করে রাতারাতি ঘর নির্মাণের অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এ ঘটনায় আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মুহ. সাদ্দাম হোসেনের নেতৃত্বে থানা পুলিশ এবং পৌর কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে বেতাগী পৌরশহরের সদর রোডে সাকিব মেডিকেল হল ও বণিকপট্টির শ্রীগুরু জেনারেল স্টোর সংলগ্ন সরকারি খাসজমিতে তিনটি ঘর নির্মাণের অভিযোগ ওঠে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রশাসন দুইজনকে আটক করে। পরে ঘর নির্মাণের প্রায় ১০ ঘণ্টার মধ্যে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে দুটি ঘর উচ্ছেদ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. রুবেল হাওলাদার ও জামাল হাওলাদার। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দিন খানের নেতৃত্বে তার লোকজন রাতের আঁধারে সরকারি জমিতে এসব ঘর নির্মাণ করেন। তবে এ অভিযোগের বিষয়ে নেছার উদ্দিন খানের বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, রাতে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে সরকারি জায়গা ছেড়ে যেতে বলা হয়েছিল। তারা নির্দেশনা না মানায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।
বেতাগী বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রভাষক মো. শাহীন বলেন, ‘ইউএনও মহোদয়ের নিষেধ সত্ত্বেও বিএনপি নেতা পরিচয় ব্যবহার করে নেছার খানের নেতৃত্বে রাতে ঘর তোলা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে, যা প্রশাসনের নজরে রয়েছে।’
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা অভিযোগ করেন, নেছার উদ্দিন খানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, মানববন্ধন ও মামলা হলেও দলীয়ভাবে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, বিএনপি নেতা পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন প্রভাব বিস্তার করছেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
বেতাগী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহজাহান কবির বলেন, ‘কোনো অবৈধ দখলদার ও লুটেরার বিএনপিতে জায়গা নেই। আমরা তাদের দলের লোক মনে করি না। রাতের আঁধারে অবৈধভাবে ঘর তোলার ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহ. সাদ্দাম হোসেন বলেন, ‘নিজের জায়গা হলেও পৌরসভা এলাকায় কোনো স্থাপনা নির্মাণ করতে হলে অনুমতি নিতে হয়। গভীর রাতে কয়েকজন পৌরবাজারের সরকারি জমিতে দোকান নির্মাণ করছিলেন। রাত প্রায় ২টার দিকে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’