নিজের আমল গোপন রাখার আহ্বান ছারছীনার পীর ছাহেবের

হোম » ইসলামী জীবন » নিজের আমল গোপন রাখার আহ্বান ছারছীনার পীর ছাহেবের
শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬


নিজের আমল গোপন রাখার আহ্বান ছারছীনার পীর ছাহেবের

 

একজন মুমিনের প্রকৃত সৌন্দর্য তার ইখলাস বা একনিষ্ঠতার মধ্যে নিহিত। মানুষকে দেখানোর জন্য নয়, বরং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই সব ইবাদত ও নেক আমল সম্পাদন করতে হবে বলে মন্তব্য করেছেন আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

 

বুধবার (২৩ জুলাই) রাজধানীর শাহবাগ থানাধীন আনন্দবাজার বঙ্গমার্কেটের পশ্চিম পাশে অবস্থিত পুরাতন যাদুঘর জামে মসজিদে ঈছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পীর ছাহেব বলেন, আমল যত গোপন থাকবে, ততই তা রিয়া বা লোক দেখানো থেকে নিরাপদ থাকবে এবং আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বাড়বে। বর্তমান সময়ে অনেকেই দান-সদকা, তাহাজ্জুদ, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন নেক আমলের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। অথচ এমন আমল করা উচিত, যা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানেন না। গোপন আমল বান্দা ও তার রবের মধ্যে বিশেষ সম্পর্ক সৃষ্টি করে। তাই নিজের আমল গোপন রাখতে হবে, প্রকাশ করা উচিত নয়।

 

তিনি আরও বলেন, অন্তরকে ইখলাসের মাধ্যমে পরিশুদ্ধ করতে পারলে অল্প আমলও আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান হয়ে ওঠে। পক্ষান্তরে, লোক দেখানোর উদ্দেশ্যে করা বড় আমলও মূল্যহীন হয়ে যেতে পারে। আত্মপ্রচার নয়, আত্মশুদ্ধিই একজন মুসলমানের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

 

বাদ মাগরিব থেকে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে আরও আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব এবং পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

খবর: বিজ্ঞপ্তির

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৩৭ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ