সাগরকন্যা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ করা চারটি নৌকা ও ছয়টি ট্রলার প্রকাশ্য নিলামে ৬২ হাজার ১০০ টাকায় বিক্রি করেছে উপজেলা মৎস্য বিভাগ। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ নিলাম অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলাকালে পায়রা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ছয়টি ট্রলার ও চারটি নৌকা জব্দ করা হয়।
পরে সরকারি নিয়ম অনুযায়ী জব্দ করা নৌযানগুলো প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। চারটি নৌকা ও ছয়টি ট্রলারের মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৬২ হাজার ১০০ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ খায়রুল চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে নিলাম কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পায়রা নদীতে নিয়মিত অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে নিষিদ্ধ জাল ও মাছ ধরার নৌযান জব্দ করা হয়। জব্দ করা নৌকা ও ট্রলার নিলামে ৬২ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়েছে।
উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে সরকার ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে দুমকির পায়রা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে।