বোরহানউদ্দিনে বিএনপি নেতা মফিজ হাওলাদারের পদ স্থগিত

হোম » ভোলা » বোরহানউদ্দিনে বিএনপি নেতা মফিজ হাওলাদারের পদ স্থগিত
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬


বোরহানউদ্দিনে বিএনপি নেতা মফিজ হাওলাদারের পদ স্থগিতসাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)

 

ভোলার বোরহানউদ্দিনে দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাচিয়া ইউনিয়ন বিএনপির (উত্তর) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজ হাওলাদারের দলীয় পদ-পদবি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে সাত দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে উপজেলা বিএনপি।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলম খান ও সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মো. আজম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

 

চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মফিজ হাওলাদারের দলীয় পদ-পদবি স্থগিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁকে দল থেকে বহিষ্কার ও সদস্যপদ বাতিলের পদক্ষেপ নেওয়া হতে পারে।

 

এদিকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে অসুস্থ হয়ে ভোলা হাসপাতালে চিকিৎসা নেন মফিজ হাওলাদার। পরে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশালে পাঠান বলে জানা গেছে। এর কয়েক ঘণ্টা পর রাত ৯টার দিকে তাঁর পদ স্থগিতের চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।

 

কাচিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি বাছেদ মাতব্বর মফিজ হাওলাদারের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, গত ৫ আগস্টের আগেও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলের সঙ্গে মফিজ হাওলাদারের ঘনিষ্ঠতা ছিল। ওই সময় তিনি ব্যবসা-বাণিজ্যও চালিয়ে গেছেন।

 

বাছেদ মাতব্বর আরও অভিযোগ করেন, ১২ তারিখের নির্বাচনের পর মফিজ হাওলাদার সাধারণ মানুষের সঙ্গে তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ আচরণ করেছেন এবং রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেছেন।

 

এ ছাড়া দুদিন আগে কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা আলহাজ শেখ সাদী হাওলাদারকে নিয়ে মফিজ হাওলাদার গণমাধ্যমের সামনে অশালীন মন্তব্য করেছেন বলেও অভিযোগ উঠেছে।

 

তবে এসব অভিযোগের বিষয়ে মো. মফিজ হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:৫০:০৮ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ