বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হোম » পটুয়াখালী » বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শনিবার ● ১১ জুলাই ২০২৬


বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল পৌর শহরের দরবেশ আলী মিয়া সড়কের একটি বাসা থেকে মোছা. ইসরাত জাহান নিশি (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষের দরজা ভেঙে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত ইসরাত জাহান নিশি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা মোল্লারহাট এলাকার মো. নাসির উদ্দিনের মেয়ে। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. মনির হোসেন ঢালী (৪৫)-এর স্ত্রী।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মনির হোসেন চলতি বছরের ১৪ এপ্রিল পারিবারিকভাবে ইসরাত জাহানকে বিয়ে করেন। গত ২৬ জুন তিনি স্বামীর বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসায় ওঠেন। মনির হোসেনের আগামী ২৪ জুলাই যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল।

স্বামী মনির হোসেন জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে তারা একই কক্ষে ঘুমাতে যান। রাত প্রায় ১টার দিকে ইসরাত প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে পাশের একটি কক্ষে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকির পর তিনি জানান, সেদিন একাই ঘুমাতে চান। শনিবার সকালে আবারও ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

কান্নাজড়িত কণ্ঠে মনির হোসেন বলেন, প্রথমে ২৮ জুন যুক্তরাষ্ট্রে ফেরার টিকিট কাটা ছিল। স্ত্রী বাউফলে আসায় সেই টিকিট বাতিল করে ২৪ জুলাইয়ের নতুন টিকিট করি। আমার ধারণা, আমি যুক্তরাষ্ট্রে ফিরে গেলে তাকে ভুলে যাব-এমন আশঙ্কা থেকে সে কয়েকদিন ধরে মানসিকভাবে অস্থির ও হতাশায় ভুগছিল।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কেকেডি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১৬:১২ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ