ভারত থেকে ফেরত ৫০ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

হোম » খুলনা » ভারত থেকে ফেরত ৫০ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর
সোমবার ● ৬ জুলাই ২০২৬


ভারত থেকে ফেরত ৫০ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে ৬ জন নারী ও ৪৪ জন পুরুষ রয়েছেন।

রোববার (৫ জুলাই) রাত ১১টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদের বেনাপোল চেকপোস্টে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলার বাসিন্দা। তারা বিভিন্ন মেয়াদে, ৬ মাস থেকে দুই বছর পর্যন্ত ভারতে কারাভোগ করেছেন।

ফেরত আসা ফিরোজ মাহমুদ জানান, দালালের মাধ্যমে ভালো কাজের প্রলোভনে দুই বছর আগে তারা ভারতের তামিলনাড়ু ও কেরালায় যান। সেখানে বাসাবাড়ি, গার্মেন্টস ও ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে আদালত তাদের ৬ মাস থেকে দুই বছরের কারাদণ্ড দেন।

তিনি আরও জানান, সাজা শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থার শেল্টার হোমে রাখা হয়। পরবর্তীতে দুই দেশের দূতাবাসের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান। দেশে ফিরে তারা ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা ব্যক্তিদের প্রথমে সংস্থাটির যশোর শেল্টার হোমে রাখা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


ডিকেডি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪১:১৪ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ