
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। খোলা বাজারে প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়েছে ৬ হাজার ৮২৫ টাকায়।
শনিবার (৪ জুলাই) সকালে ‘জলতরঙ্গ’ নামের একটি ফিশিং ট্রলারে জেলে কাদের মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স আনিষা এন্টারপ্রাইজ মৎস্য আড়তে আনা হলে স্থানীয় খুচরা পাইকার রহমান ডাকের মাধ্যমে মাছটি কিনে নেন। তিনি জানান, মাছটি ঢাকায় পাঠানো হবে।
মেসার্স আনিষা এন্টারপ্রাইজ মৎস্য আড়তের ম্যানেজার মেহেদী হাসান বলেন, বড় আকারের হওয়ায় মাছটি প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। ২ কেজি ১০০ গ্রাম ওজনের এ ইলিশের মূল্য দাঁড়িয়েছে ৬ হাজার ৮২৫ টাকা।
জেলে কাদের মাঝি বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে গিয়ে জাল ফেলতেই অন্যান্য মাছের সঙ্গে বড় ইলিশটি ধরা পড়ে। ট্রলারে ধরা মাছগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় ছিল। ভালো দাম পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে চলতি মৌসুমে সমুদ্রে মাছের পরিমাণ তুলনামূলক কম বলেও জানান তিনি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও বড় ইলিশ পাওয়া যাচ্ছে। ইলিশের উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। সরবরাহ আরও বৃদ্ধি পেলে বাজারে দামও সহনীয় পর্যায়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।