
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিংয়ে কর্মরত ৬৬ জন কর্মচারীকে চাকরিতে বহাল রাখার আশ্বাসে তাদের চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে কথা বলে আশ্বাস দিলে তারা তত্ত্বাবধায়কের কার্যালয়ের গেটে ঝোলানো তালা খুলে দিয়ে কর্মস্থলে ফিরে যান।
চাকরিচ্যুতির আশঙ্কায় কর্মচারীরা বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা ঝুলিয়ে সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এতে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম এবং চিকিৎসাসেবা ব্যাহত হয়।
আন্দোলনকারী কর্মচারীদের নেতা কার্জন শেখ বলেন, তত্ত্বাবধায়ক স্যার আমাদের আশ্বস্ত করেছেন, এখানে নতুন কোনো কর্মচারী নিয়োগ দেওয়া হবে না। এই আশ্বাসের ভিত্তিতে আমরা কর্মসূচি প্রত্যাহার করে আজ থেকেই কাজে ফিরছি। তবে এর ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার বলেন, আউটসোর্সিং কর্মচারীদের বিষয়ে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পত্রালাপ করা হয়েছে। হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং কর্মচারীদের যৌক্তিক দাবি বিবেচনায় নেওয়ার বিষয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।
উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পুরোনো অভিজ্ঞ কর্মীদের বাদ দিয়ে নতুন জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে-এমন অভিযোগ তুলে গত বুধবার (১ জুলাই) থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন আউটসোর্সিং কর্মচারীরা।
এমই/এমআর