প্রধানমন্ত্রী পদকপ্রাপ্ত ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে গলাচিপায় সংবর্ধনা

হোম » পটুয়াখালী » প্রধানমন্ত্রী পদকপ্রাপ্ত ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে গলাচিপায় সংবর্ধনা
বুধবার ● ১ জুলাই ২০২৬


প্রধানমন্ত্রী পদকপ্রাপ্ত ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে গলাচিপায় সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া প্রদর্শনী প্রোগ্রাম-২০২৬ প্রতিযোগিতায় জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করে প্রধানমন্ত্রীর সম্মাননা সনদ পাওয়া গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বুধবার (১ জুলাই) গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জানা যায়, প্রতিযোগিতায় সারা দেশের ১০ জন বিজয়ীর মধ্যে স্থান করে নেন পটুয়াখালীর গলাচিপা পৌরসভার এনজেড আলিম মাদ্রাসার ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষক। এ অর্জনের স্বীকৃতি হিসেবে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মাননা সনদ লাভ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী (সিএ) মো. আল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের মাধ্যমেই আগামীর উন্নত বাংলাদেশ গড়ে উঠবে। বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে নতুন নতুন আবিষ্কার করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে-এটাই আমাদের প্রত্যাশা।

সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা হলো-তানজিম আহমেদ (দশম শ্রেণি), সোহেবুর রহমান (দশম শ্রেণি) ও আবু তালহা (অষ্টম শ্রেণি)। সম্মানিত শিক্ষকরা হলেন মো. নুরুল ইসলাম ও মোসা. রেশমা বেগম।


জেইউ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪১:৩৪ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ