টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

হোম » চট্টগ্রাম » টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক
বুধবার ● ১ জুলাই ২০২৬


টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

সাগরকন্যা প্রতিবেদক, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জাগির হোসেন নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী অতিক্রম করে শাহপরীরদ্বীপ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে শাহপরীর দ্বীপ জেটি থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে নাফ নদী এলাকায় বিজিবির একটি আভিযানিক দল গোপনে অবস্থান নেয়। পরে প্রযুক্তিগত পর্যবেক্ষণে নদীর মিয়ানমার অংশে একটি হস্তচালিত নৌকার সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা হয়। এ সময় বিজিবির নৌ টহল দল কৌশলগত অবস্থান নিয়ে নৌকাটির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

একপর্যায়ে চাঁদের আলোয় একজন ব্যক্তিকে দুটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি জাগির হোসেন (পিতা: আবদুল হক)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জব্দ করা ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২২:২৯ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ