বাকেরগঞ্জে তা’লিমী জলসা নতুন প্রজন্ম দ্বীনের সঠিক শিক্ষা অর্জনের সুযোগ পায়: ছারছীনা পীর

হোম » বরিশাল » বাকেরগঞ্জে তা’লিমী জলসা নতুন প্রজন্ম দ্বীনের সঠিক শিক্ষা অর্জনের সুযোগ পায়: ছারছীনা পীর
মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬


বাকেরগঞ্জে তা’লিমী জলসা

সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)

তালিমী জলসার মাধ্যমে নতুন প্রজন্ম দ্বীনের সঠিক শিক্ষা অর্জনের সুযোগ পায় বলে মন্তব্য করেছেন পীর ছাহেব, ছারছীনা।

সোমবার (২৯ জুন) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন আল-আমিন জামে মসজিদে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত কুতুবুল আলম হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) ও মরহুম মাওলানা মাসুম বিল্লাহর স্মরণে আয়োজিত ঈছালে ছাওয়াব ও তা’লিমী জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পীর ছাহেব বলেন, তালিমী জলসা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষ গড়া, চরিত্র গঠন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের সমাবেশে কোরআন, সুন্নাহ, হাদিস, আকিদা, ফিকহ, আখলাক ও ইসলামী জীবনব্যবস্থা সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। এর মাধ্যমে ঈমান সুদৃঢ় হয়, আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং কুসংস্কার, বিদআত ও গুনাহ থেকে দূরে থাকার সচেতনতা তৈরি হয়।

তিনি আরও বলেন, নিয়মিত তালিমী জলসায় অংশগ্রহণের মাধ্যমে মানুষ আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর দেখানো পথ অনুসরণ করে কোরআন-সুন্নাহভিত্তিক জীবন পরিচালনায় উদ্বুদ্ধ হয়। পাশাপাশি সমাজে ভ্রাতৃত্ব, ঐক্য ও নৈতিকতা বৃদ্ধি পায় এবং আদর্শ ইসলামী সমাজ গঠনে ভূমিকা রাখা সম্ভব হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ হযরত মাওলানা হাফেজ শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর আলহাজ মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব এবং পীর ছাহেবের সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদসহ অন্যান্য অতিথিরা।

এআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৮:২৩ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ