তালতলী বাজারে জমি দখলের দায়ে ৩০ দিনের কারাদণ্ড

হোম » বরগুনা » তালতলী বাজারে জমি দখলের দায়ে ৩০ দিনের কারাদণ্ড
মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬


তালতলী বাজারে জমি দখলের দায়ে ৩০ দিনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া বাজারে জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে মো. মোস্তফা জোমাদ্দার নামে এক ব্যক্তিকে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বিরোধপূর্ণ জমির ওপর নির্মিত স্থাপনা অপসারণ করে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান ঘটনাস্থলে সংক্ষিপ্ত বিচার শেষে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, তালতলী উপজেলার উত্তর ঝাড়াখালী গ্রামের বাসিন্দা মোসা. খাদিজা বেগম চলতি বছরের ২৬ জানুয়ারি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তালতলীর কড়ইবাড়িয়া বাজারে তার দোকানসংলগ্ন জমি মো. মোস্তফা জোমাদ্দার অবৈধভাবে দখল করে নিয়েছেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত ঘটনাস্থলে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়। সোমবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে উপস্থিত হয়ে বিচারক উভয় পক্ষের মৌখিক ও দালিলিক সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে মো. মোস্তফা জোমাদ্দারকে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিরোধপূর্ণ জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগকারী মোসা. খাদিজা বেগম বলেন, আদালত আমার বেদখল হওয়া জমির দখল বুঝিয়ে দিয়েছেন।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৫:০১ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ