
সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৭-এর আওতাধীন তিনটি বেসরকারি হাসপাতালে অগ্নি নিরাপত্তা ও ভবনের অনুমোদিত নকশা যাচাইয়ে পরিদর্শন চালানো হয়েছে। পরিদর্শনের সময় দুটি হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে রাজউকের অনুমোদিত নকশা প্রদর্শন করতে পারেনি।
মঙ্গলবার (৩০ জুন) সূত্রাপুর ও ওয়ারী এলাকায় অবস্থিত মিলেনিয়াম স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, ক্যাপিটাল হসপিটাল লিমিটেড এবং সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে এ পরিদর্শন পরিচালনা করা হয়।
রাজউক সূত্র জানায়, মিলেনিয়াম স্পেশালাইজড হসপিটাল ও সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদিত ভবনের নকশা দেখাতে পারেনি। তবে তারা বুধবার নকশা উপস্থাপনের আশ্বাস দিয়েছে। এ কারণে রাজউকের কর্মকর্তারা দুটি হাসপাতাল পুনরায় পরিদর্শন করবেন।
অন্যদিকে, ক্যাপিটাল হসপিটাল কর্তৃপক্ষ অনুমোদিত নকশা প্রদর্শন করতে সক্ষম হয়েছে।
পরিদর্শনকালে হাসপাতালগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, জরুরি নির্গমন পথ, ফায়ার অ্যালার্ম, ফায়ার হাইড্রেন্ট এবং পার্কিং ব্যবস্থার ব্যবহার সরেজমিনে যাচাই করা হয়।
রাজউকের পরিচালক (উপসচিব) মো. মাইনুল আবেদীনের নেতৃত্বে পরিচালিত এ পরিদর্শনে জোন-৭/১-এর অথরাইজড অফিসার প্রকৌশলী মো. ইলিয়াসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজউক জানিয়েছে, পরিদর্শনে কোনো অনিয়ম বা ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তা দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবন নির্মাণ বিধিমালা ও অগ্নি নিরাপত্তা মানদণ্ড প্রতিপালন হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা হবে।