শার্শা সীমান্তে বজ্রপাতে আহত দুই বিজিবি সদস্য

হোম » জাতীয় » শার্শা সীমান্তে বজ্রপাতে আহত দুই বিজিবি সদস্য
শুক্রবার ● ২৬ জুন ২০২৬


 

শার্শা সীমান্তে বজ্রপাতে আহত দুই বিজিবি সদস্য

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

 

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের শালকোনা ক্যাম্পে কর্মরত সিপাহী শফিউল আলম ও সিপাহী সাজেদুর রহমান।

 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিক ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সীমান্ত এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় বজ্রপাতের শিকার হন ওই দুই সদস্য। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় আহতদের যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তর করা হয়।

 

ঘটনার খবর পেয়ে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান দ্রুত হাসপাতালে পৌঁছে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিজিবির অ্যাম্বুলেন্সে করে তাদের যশোর সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করেন। চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তিনি চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন বলে জানা গেছে।

 

এ বিষয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ঘটনার পরপরই আহত সদস্যদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় শালকোনা সীমান্তে কর্মরত বিজিবি সদস্যদের মধ্যে সাময়িক উদ্বেগ সৃষ্টি হলেও সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১৬:৩৮ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ