বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

হোম » খুলনা » বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬


বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবেসাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাট জেলায় আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮৬ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

এ তথ্য জানানো হয় বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অভিহিতকরণ সভায়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন।

 

জেলা সিভিল সার্জন ডা. মাহাবুব উল আলম জানান, ২৮ জুন রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার ১ হাজার ৮৫৮টি কেন্দ্রে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ সময় জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ৮৬ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অভাবে রাতকানা, অপুষ্টি, ডায়রিয়া, রক্তস্বল্পতা ও বিভিন্ন সংক্রমণজনিত রোগের ঝুঁকি বেড়ে যায়।

 

তিনি আরও বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা। একই সঙ্গে শিশুদের নিয়মিত খাদ্যতালিকায় দুধ, মাছ, ডিম, কলিজা, মাংস, গাজর, মিষ্টি আলু, লাল শাক, পাকা আম, কাঁঠাল ও পাকা পেঁপের মতো ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার রাখার পরামর্শ দেন তিনি।

 

সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শোনু, সাধারণ সম্পাদক এম. হেদায়েত হোসেন লিটনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

বাংলাদেশ সময়: ২০:২৭:২৭ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ