
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) বিকেল ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধলহার গ্রাম থেকে রাবেয়া আক্তার সাথী (২৯) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৬৭০ টাকা জব্দ করা হয়। সাথী উপজেলার কামারকাঠী গ্রামের আ. জলিল শেখের মেয়ে।
এদিকে স্বরূপকাঠী পৌর এলাকা থেকে শিল্পী বেগম ওরফে ফাতেমা (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি উত্তর স্বরূপকাঠী পৌর এলাকার আফজাল হোসেন ওরফে ফারুকের মেয়ে।
অপর এক অভিযানে উপজেলার বলদিয়া ইউনিয়নের জিলবাড়ী এলাকা থেকে মো. কাওসার (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি চিনাবুনিয়া, দৈহারী এলাকার বাসিন্দা এবং আবুল কালাম আজাদের ছেলে। এ সময় তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক-সংক্রান্ত মামলা রয়েছে বলে জানা গেছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, স্থানীয় জনগণের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। যার কাছ থেকে যে পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, সে অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমার থানা এলাকায় কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।
আরএ/এমআর