শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দিরে হামলার হুমকির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

হোম » পটুয়াখালী » শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দিরে হামলার হুমকির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন
বুধবার ● ২৪ জুন ২০২৬


 

শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দিরে হামলার হুমকির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কাজল বরণ দাস এবং আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সেবা সংঘ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আলাদ গোবিন্দ দাস।

 

বক্তারা বলেন, হাজার বছর ধরে এ দেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। হঠাৎ করে দাঙ্গা-হাঙ্গামা, দেবতাকে অবমাননা এবং মন্দির প্রতিষ্ঠায় বাধা দেওয়ার ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

 

তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে বসবাস করলে দেশ আরও এগিয়ে যাবে। গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে শান্তিপূর্ণভাবে একসঙ্গে থাকার আহ্বান জানাই।

 

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫১:৫৪ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ