
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি-আর (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) নীতি বাস্তবায়ন এবং পরিবেশ সুরক্ষা বিষয়ে বাগেরহাটে একটি সাব-কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে এ কনফারেন্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক আসাদুর রহমান, বিসিক খুলনার আঞ্চলিক পরিচালক বাদল চন্দ্র হালদার, বিসিক ঢাকার উপব্যবস্থাপক (প্রশাসন) কাজী শাহিনুর আলম, বিসিক বাগেরহাটের উপব্যবস্থাপক মো. সোহাগ হোসেন এবং শিল্পনগরী কর্মকর্তা মো. শরীফ সরদার।
বক্তারা বলেন, শিল্পায়নের প্রসারের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বও বেড়েছে। অপরিকল্পিতভাবে শিল্পবর্জ্য অপসারণ করলে পরিবেশ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তাই শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গ্রহণের পাশাপাশি থ্রি-আর নীতি বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, টেকসই শিল্পায়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণের বিকল্প নেই। শিল্প উদ্যোক্তাদের পরিবেশগত দায়বদ্ধতা বৃদ্ধি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তির ব্যবহার দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পমালিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কনফারেন্সে জেলার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে শিল্পবর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক, পরিবেশ সুরক্ষায় করণীয় এবং টেকসই শিল্প উন্নয়ন বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
এমই/এমআর