
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
মোংলা ইপিজেডে কর্মরত অবস্থায় মেশিনে হাত বিচ্ছিন্ন হয়ে আহত শ্রমিক মো. গোলাম রসুলের উন্নত চিকিৎসা, উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে বাগেরহাটের মোংলার উত্তর চাঁদপাই বাজার মোড়ে স্থানীয় গ্রামবাসী ও ভুক্তভোগীর স্বজনদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোংলা ইপিজেডের ‘গুয়াংজু হুয়া ফাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিডি’ কোম্পানিতে কর্মরত অবস্থায় গোলাম রসুল কারখানার একটি মেশিনে দুর্ঘটনার শিকার হয়ে কনুই থেকে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পরপরই তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি বলেও তারা দাবি করেন।
বক্তারা বলেন, শ্রমিক সংকটের কারণে তাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে বাধ্য করা হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও ব্যবস্থাপনার অবহেলাই এ দুর্ঘটনার জন্য দায়ী বলে তারা অভিযোগ করেন।
মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিএনপি নেতা শেখ রুস্তম আলী ও আবু হানিফ শেখ, নাগরিক নেতা নাজমুল হক, আসাদুজ্জামান টিটো, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, আরাফাত হোসেন দূর্জয় এবং পরিবেশকর্মী মেহেদী হাসানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, হাত হারানোর ফলে গোলাম রসুল স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এখন কর্মহীন হয়ে পড়ায় পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
তারা অবিলম্বে গোলাম রসুলের উন্নত চিকিৎসা নিশ্চিত করা, উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং তার পরিবারের পুনর্বাসনের দায়িত্ব গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।