কুকুরের কামড়ে কাবু চোর, পরে পুলিশের হাতে আটক

হোম » আলোচিত খবর » কুকুরের কামড়ে কাবু চোর, পরে পুলিশের হাতে আটক
বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২৬


 

এটি প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা) 

 

বরগুনার আমতলীতে গরু চুরির উদ্দেশ্যে গোয়ালঘরে ঢুকে পালিত কুকুরের আক্রমণের শিকার হয়েছেন সোবাহান মৃধা (৫৫) নামে এক ব্যক্তি। পরে বাড়ির গৃহিণী তাকে আটক করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

 

বুধবার দিবাগত রাতে উপজেলার চাওড়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে আহসানুল করিম নিয়াজের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আহসানুল করিম নিয়াজ ঢাকায় চাকরি করেন। তার অনুপস্থিতিতে পরিবারের সদস্যরা বাড়িতে বসবাস করেন। পরিবারের দাবি, সোবাহান মৃধা এর আগেও ওই বাড়ির পুকুরের মাছ ও বিভিন্ন জিনিসপত্র চুরির সঙ্গে জড়িত ছিলেন। চুরির উপদ্রব থেকে রক্ষা পেতে বাড়ির মালিক একটি কুকুর পালন করেন।

 

অভিযোগ অনুযায়ী, বুধবার গভীর রাতে গরু চুরির উদ্দেশ্যে সোবাহান মৃধা গোয়ালঘরে প্রবেশ করলে কুকুরটি তাকে ধাওয়া করে এবং কামড়ে আহত করে। কুকুরের ডাক শুনে বাড়ির গৃহিণী তানিয়া আক্তার সুখী বাইরে এসে তাকে আটক করেন। পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

তানিয়া আক্তার সুখী বলেন, সোবাহান গরু চুরি করতে গোয়ালঘরে ঢুকেছিল। আমার পালিত কুকুর টের পেয়ে তাকে ধাওয়া করে কামড়ে আহত করে। পরে আমি গিয়ে তাকে ধরে ফেলি এবং স্থানীয়দের খবর দিই। পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল চৌধুরী বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের আঘাত রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:৫০:১৬ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ