কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ফের সরব স্থানীয়রা

হোম » লিড নিউজ » কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ফের সরব স্থানীয়রা
বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২৬


 

গণস্বাক্ষর সংগ্রহসহ কর্মসূচির একাংশ। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

দীর্ঘদিনের দাবির ধারাবাহিকতায় আবারও কুয়াকাটাকে উপজেলা হিসেবে ঘোষণার দাবিতে সরব হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। গত তিন মাস ধরে দাবির পক্ষে সংবাদ সম্মেলন, মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটার পর্যটন ও প্রশাসনিক গুরুত্ব বৃদ্ধির ইতিহাস দীর্ঘ। ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মন্ত্রিসভার একটি বৈঠক কুয়াকাটায় অনুষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো দেশব্যাপী পর্যটন কেন্দ্র হিসেবে কুয়াকাটা আলোচনায় আসে। পরবর্তীতে এর প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা বিবেচনায় এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়।

 

এর ধারাবাহিকতায় ২০১০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের একটি অংশ পৃথক করে কুয়াকাটা পৌরসভা গঠন করে। বর্তমানে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে পরিচিত। সময়ের সঙ্গে সঙ্গে পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও জনসংখ্যা বৃদ্ধির ফলে কুয়াকাটার প্রশাসনিক গুরুত্বও বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন অন্যতম বিনিয়োগকারী, এফবিসিসিআই-এর সাবেক পরিচালক এবং কুয়াকাটা ইনভেস্টরস ফোরামের সভাপতি এমজিআর নাসির মজুমদার।

 

তিনি বলেন, সময়ের পরিবর্তনে কুয়াকাটা এখন পর্যটন ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে পরিণত হয়েছে। প্রশাসনিক কাঠামো আরও কাছাকাছি ও কার্যকর হলে সেবা সহজীকরণ এবং উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে।

 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, সভা-সমাবেশ এবং কুয়াকাটা উন্নয়ন ফোরামের একাধিক বৈঠকের ধারাবাহিকতায় আন্দোলন আরও বেগবান হয়েছে। গত ১৪ জুন থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি, যা কুয়াকাটা পৌরসভা, আলীপুর, ধুলাসার ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত হচ্ছে।

 

একাধিক স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের ১৪ মে কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে এবং সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের একটি সূত্র আরও জানিয়েছে, নতুন উপজেলা বাস্তবায়নের অংশ হিসেবে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নকে বিভক্ত করে নতুন একটি ইউনিয়ন গঠনের বিষয়েও প্রক্রিয়া চলছে।

 

কুয়াকাটা উন্নয়ন ফোরামের সদস্য সচিব এবং কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ মোতালেব শরীফ বলেন, গণস্বাক্ষর সংগ্রহ শেষে পটুয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।

 

তিনি আরও বলেন, দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটার সার্বিক প্রশাসনিক কাঠামো উন্নয়ন ও জনসেবার পরিধি বৃদ্ধির স্বার্থে এলাকাটিকে উপজেলা হিসেবে উন্নীত করা এখন সময়ের দাবি।

 

স্থানীয়দের মতে, পর্যটন শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে কুয়াকাটার গুরুত্ব ক্রমাগত বাড়ছে। ফলে উপজেলা ঘোষণার দাবিও দিন দিন আরও জোরালো হয়ে উঠছে।

বাংলাদেশ সময়: ১০:২৩:৪৫ ● ১৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ