
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (নাজিরপুর)
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় একটি মুখপোড়া বা কালোমুখো হনুমান ঘুরে বেড়াতে দেখা গেছে। প্রাণীটি এক জায়গায় স্থির না থেকে দ্রুত অবস্থান পরিবর্তন করছে- কখনো মহল্লায়, আবার কখনো বাজার এলাকায়- এভাবে বিভিন্ন স্থানে বিচরণ করছে।
রবিবার (১৭ মে) দুপুরে এমনই একটি মুখপোড়া হনুমান দেখা যায় উপজেলার শ্রীরামকাঠী এলএসডি গোডাউন এলাকা এলাকায়। এ সময় হনুমানটি নিচে নেমে এলে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় এবং আশপাশে লোকজন ভিড় জমায়।
অনেকে মোবাইল ফোনে হনুমানটির ছবি ও ভিডিও ধারণ করেন। নাজিরপুর সদর, চৌঠাইমহল বাসস্ট্যান্ড, জয়পুর, ভীমকাঠি ও শ্রীরামকাঠী বাজারসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে একই হনুমানটির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয়দের ধারণা, যশোরের কেশবপুর উপজেলা এলাকার এদের আদি বাস। খাবারের সংকটের কারণে দলছুট হয়ে হনুমানগুলো বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে বলে তারা মনে করছেন। বিশেষ করে কলাবাহী ট্রাকে চড়ে এসব হনুমান অন্য এলাকায় চলে আসে বলেও স্থানীয়রা জানান।
সরেজমিনে দেখা গেছে, খাবার দেখলে বা ডাকলে হনুমানটি মানুষের কাছে ছুটে আসে। শুরুতে এলাকাবাসী এতে আতঙ্কিত হলেও এখন প্রাণীটি স্থানীয়দের কাছে পরিচিত হয়ে উঠেছে। অনেকেই রাস্তায় দেখা হলে তাকে খাবার দেন, কেউ কেউ পানিভর্তি বালতি পর্যন্ত সামনে রাখেন।
এখন হনুমানটি আগের মতো আক্রমণাত্মক আচরণ করছে না বলে স্থানীয়রা জানান। কখনো একা, কখনো আবার লোকজনের সঙ্গে- এভাবেই সে পুরো এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং মানুষের দৃষ্টি কাড়ছে।
নাজিরপুর উপজেলা বন কর্মকর্তা মোঃ শহীদুর রহমান বলেন, খাদ্য সংকট, বনাঞ্চল সংকুচিত হওয়া এবং মানুষের বসতির বিস্তারের কারণে অনেক সময় বন্যপ্রাণী দলছুট হয়ে জনবসতিতে চলে আসে। তবে এসব প্রাণীকে উত্ত্যক্ত না করে স্থানীয় বন বিভাগকে অবহিত করার পরামর্শ দেন তিনি।