
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম আজ শনিবার (৩ অক্টোবর) পটুয়াখালী আসছেন। বিকেল ৪টায় তিনি পটুয়াখালী সার্কিট হাউজে উপস্থিত হবেন। বিকেল সাড়ে ৪টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
আগামীকাল রবিবার (৪ অক্টোবর) সকাল ৯টায় নবাগত জেলা প্রশাসক পটুয়াখালী ট্রেজারিতে উপস্থিত হবেন। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর বিকেল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও অধীনস্থ দপ্তরের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করবেন। বিকেল সাড়ে ৩টায় একই স্থানে কালেক্টরেটের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় অংশ নেবেন জেলা প্রশাসক। সকাল সাড়ে ১০টায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় এবং সকাল সাড়ে ১১টায় পর্যটন উন্নয়ন বিষয়ে জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
পর্যটন উন্নয়নবিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. সামীমুজ্জামান।
সোমবার বিকেল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন নবাগত জেলা প্রশাসক।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি, শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেবেন তিনি।
এদিন বিকেল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পটুয়াখালী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।