বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশু দেশে ফিরল

হোম » জাতীয় » বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশু দেশে ফিরল
বুধবার ● ১৩ মে ২০২৬


 

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশু দেশে ফিরল

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

ভারতে পাচারের শিকার হওয়া ২০ জন বাংলাদেশি নারী ও শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত আনা হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে ভারতের হরিদাসপুর চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

 

হস্তান্তর-সংক্রান্ত নথি সূত্রে জানা গেছে, ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে তাদের ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), কলকাতার ছাড়পত্রের ভিত্তিতে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ ও মানবপাচার প্রতিরোধে কাজ করা সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

ইমিগ্রেশন সূত্র জানায়, ফেরত আসাদের মধ্যে অধিকাংশই শিশু। তারা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলে আদালতের নির্দেশে তাদের বিভিন্ন শেল্টার হোমে রাখা হয়। পরবর্তীতে মানবাধিকার সংস্থার উদ্যোগে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিট ইস্যু করে দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

 

বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, ট্রাভেল পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা নারী-শিশুদের পরিবারের কাছে পৌঁছে দিতে মানবাধিকারভিত্তিক কয়েকটি সংস্থা পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে।

 

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা না আসা পর্যন্ত ফেরত আসাদের সংস্থার হেফাজতেই রাখা হবে।

বাংলাদেশ সময়: ২১:৪১:৫৫ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ