
সাগরকন্যা প্রতিবেদন, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীতে নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, পরে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে একটি সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন স্থানীয় বিএনপির এক নেতা এবং যুবলীগের এক কর্মী।
মঙ্গলবার ও বুধবার রাতে পটুয়াখালীর কলেজ রোড এলাকা এবং বাউফল উপজেলার হাজিরহাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আজহার উদ্দিন, জেলা শহরের কলেজ রোড এলাকার মোহাম্মদ রাসেল তালুকদার এবং গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের মো. কবির হোসেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আজহার উদ্দিনের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে নারীদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলত। পরে কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো।
সর্বশেষ শহীদুল ইসলাম নামে এক ওষুধ ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পরে তার কাছে ১৮ লাখ টাকা দাবি করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে ১৪ লাখ ৮০ হাজার টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি পুলিশের নজরে এলে সদর থানা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামত ও তথ্য-প্রমাণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আরও কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে অর্থ আদায়ের তথ্য মিলেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।