পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে হামলা, আহত ১০

হোম » শিক্ষা » পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে হামলা, আহত ১০
সোমবার ● ১১ মে ২০২৬


 

পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে হামলা, আহত ১০

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে হামলা, হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে শিক্ষক ও কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আটজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

 

আহতদের মধ্যে রয়েছেন অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম, ড. আবদুল মালেক, ড. মো. আতিকুর রহমান, ড. নিজাম উদ্দীন, ড. মো. শহিদুল ইসলাম, ড. ননী গোপাল, ড. রিপন চন্দ্র পাল, পরিচালক (অর্থ ও হিসাব) মো. জসিম উদ্দিন এবং কর্মকর্তা নাসরিন আক্তার।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষক ও কর্মকর্তারা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় তারা উপাচার্যের অপসারণ দাবি এবং প্রো-ভিসি অধ্যাপক হেমায়েত জাহানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

 

আন্দোলনকারীদের অভিযোগ, উপাচার্যের সমর্থনে শতাধিক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে কর্মসূচিতে বাধা দেয়। একপর্যায়ে বহিষ্কৃত উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফের নেতৃত্বে আসা ব্যক্তিরা শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলা চালায়। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া, হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

ঘটনার পর পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার প্রায় এক ঘণ্টা পরও ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী না পৌঁছানোর অভিযোগ করেন আন্দোলনকারীরা।

 

অভিযোগের বিষয়ে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম বলেন, হামলার বিষয়টি তার জানা নেই। তিনি জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে একটি বৈঠকে যোগ দিতে সোমবার সকাল ৮টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। বহিরাগতদের হামলার অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

 

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:২৭:২০ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ