সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি বের হয়। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আল আমিন এবং সহকারী শিক্ষক রাবেয়া পারভীন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ থাকতে এবং পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। বিশেষ করে খাবার খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
এ অভ্যাস পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সব স্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।