স্মার্টফোন কেনার টাকা না পেয়ে কলাপাড়ায় যুবকের আত্মহত্যা
হোম »
পটুয়াখালী »
স্মার্টফোন কেনার টাকা না পেয়ে কলাপাড়ায় যুবকের আত্মহত্যা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় মায়ের কাছে স্মার্টফোন কেনার টাকা চেয়ে না পেয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শাকিল গাজী (২২) নামে এক যুবক। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার শাহআলম গাজীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে খাবার শেষে শাকিল তার মায়ের কাছে একটি স্মার্টফোন কেনার জন্য টাকা চান। তবে হাতে টাকা না থাকায় পরে দেওয়ার কথা জানানো হয়। এরপর তিনি নিজের কক্ষে গিয়ে অভিমান করে বসে থাকেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে তিনি শরীর ঠান্ডা করার কথা বলে এড়িয়ে যান।
মৃতের বাবা শাহআলম গাজী জানান, গভীর রাতে তিনি বাইরে বের হয়ে বাড়ির পেছনে আমগাছের সঙ্গে ছেলেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে পরিবারের সদস্যদের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
তিনি আরও জানান, শাকিল বিবাহিত ছিলেন এবং তাকে জীবিকার জন্য একটি ইজিবাইক কিনে দেওয়া হয়েছিল। তবে তিনি নিয়মিত সেটি পরিচালনা করতেন না।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক অভিমান থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ২২:১৯:২৬ ●
২৮ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)