আম কুড়িয়ে খাওয়ায় গৌরনদীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ

হোম » বরিশাল » আম কুড়িয়ে খাওয়ায় গৌরনদীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ
সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে তুচ্ছ ঘটনায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। উপজেলার বার্থী ইউনিয়নের পূর্ব বাউরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর নাম বাইজিদ খান (১০)।

 

জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের মাঠে পড়ে থাকা একটি আম কুড়িয়ে খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, একই এলাকার বাসিন্দা আসাদুজ্জামান আবুল মীরা ওই ঘটনায় বাইজিদ খানকে মারধর করেন।

 

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলার আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

আহত শিক্ষার্থীর বাবা জাকির খান সাগরকন্যাকে বলেন, বিদ্যালয়ের মাঠ সংলগ্ন গাছ থেকে পড়ে থাকা একটি আম কুড়িয়ে খাওয়াকে কেন্দ্র করে তার ছেলেকে মারধর করা হয়েছে।

 

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে আসাদুজ্জামান আবুল মীরার মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

 

এ ঘটনায় জাকির খান গৌরনদী মডেল থানায় আসাদুজ্জামান আবুল মীরার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত বর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:০৬ ● ৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ