মহিপুরে শ্রমিক নির্যাতনের অভিযোগে কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে মামলা

হোম » পটুয়াখালী » মহিপুরে শ্রমিক নির্যাতনের অভিযোগে কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে মামলা
সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬


 

নিজামপুর কোস্টগার্ড স্টেশন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে মো. শামীম ফকির (২৮) নামে এক শ্রমিককে মারধরের ঘটনায় কোস্টগার্ড গোয়েন্দা বিভাগের এক সদস্যের বিরুদ্ধে কলাপাড়া আদালতে মামলা দায়ের করা হয়েছে।

শামীম ফকির বাদী হয়ে সোমবার (২৭ এপ্রিল) কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

 

এতে মহিপুর থানার নিজামপুর কোস্টগার্ডের গোয়েন্দা বিভাগের সদস্য মো. মাসুদকে প্রধান আসামি করে আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

 

মামলার বিবরণে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে প্রচণ্ড গরমের কারণে শামীম ফকির তার এক ভাই আবিরকে নিয়ে কুয়াকাটা-কলাপাড়া সড়কের হাজীপুর সেতুতে ঘুরতে যান। এ সময় কোস্টগার্ডের গোয়েন্দা বিভাগের সদস্য মো. মাসুদসহ অপর ৩-৪ জন তাদের ঘিরে ফেলে এবং একপর্যায়ে তাদের হাতে থাকা লাঠি দিয়ে মারধর করে ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ সময় আবির ছাত্র পরিচয় দিলে তাকে ছেড়ে দিয়ে শামীম ফকিরকে কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে হাতকড়া পরিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, বৈদ্যুতিক শক দিয়ে তার অণ্ডকোষ চেপে ধরে নির্মমভাবে নির্যাতন চালানো হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় শামীম ফকিরকে তার স্বজনরা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

শামীম ফকিরের বাড়ি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামে। তিনি ওই গ্রামের মো. গনি ফকিরের ছেলে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৪৯ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ