
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশনে চাঁদার দাবীকৃত টাকা না দেওয়াকে কেন্দ্র করে আন্তঃউপজেলা ফেরিঘাট ইজারাদারের ছেলেকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত বেলায়েত সিকদারকে (৩৫) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় ইজারাদার আবদুল গনি সিকদার বাদী হয়ে যুবদল নেতা আল আমিন সিকদারসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার মনপুরা উপজেলার চরনিজাম কালকিনি থেকে চরফ্যাশনের মাদ্রাজ স্লুইজ ঘাটে যাত্রী নিয়ে পৌঁছালে স্থানীয় একদল ব্যক্তি দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বেলায়েত সিকদারের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে আহত করা হয়।
ইজারাদার আবদুল গনি সিকদার সাগরকন্যাকে বলেন, তিনি বৈধভাবে সরকারিভাবে ঘাট ইজারা নিয়ে ট্রলারের মাধ্যমে যাত্রী পরিবহন সেবা পরিচালনা করছেন।
তবে অভিযুক্ত যুবদল নেতা আল আমিন সিকদার ও জাকির মিঝি মোবাইল ফোনে বলেন, ঘাট ইজারা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে, চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়।
চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরণ বিষয়টি নিশ্চিত করেছেন।