বাগেরহাটে সুন্দরবনে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

হোম » জেলে-মৎস্য » বাগেরহাটে সুন্দরবনে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
বুধবার ● ১৫ এপ্রিল ২০২৬


 

বাগেরহাটে সুন্দরবনে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবনের শুয়োর মারা খাল এলাকা থেকে অন্তত ১০ জেলেকে অপহরণ করে মুক্তিপণের দাবিতে জিম্মি করেছে বনদস্যু শরীফ বাহিনী- এমন অভিযোগ পাওয়া গেছে। অপহৃতদের মধ্যে মোংলার সুন্দরবন ইউনিয়নের কয়েকজন এবং মোরেলগঞ্জ এলাকার জেলেরা রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, অপহৃতদের মধ্যে সবুর নামের এক জেলে ২০ হাজার টাকা বকেয়া রেখে ফিরে এসেছে বলে দাবি করা হয়েছে। তার বাবার নাম আব্দুল হামিদ। এছাড়া একই এলাকার মানিক শেখ, আবু বকর গাজী, জাকির ফরাজী, নুরজামাল শিকদার ও ওয়াহিদ মুন্সিসহ আরও কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া মোরেলগঞ্জ এলাকার আরও পাঁচজন জেলে তাদের হাতে আটক রয়েছেন বলে দাবি করা হয়।

তবে অপহৃতের সংখ্যা নিয়ে কিছুটা ভিন্নতা রয়েছে। কোনো সূত্রে ১০ জন, আবার কোনো সূত্রে ১১ জনের কথা বলা হয়েছে। এখনো পর্যন্ত অপহৃতদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। দস্যুরা মুক্তিপণের পরিমাণ বা শর্ত সম্পর্কেও কিছু জানায়নি।

এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শামসুল আরেফিন জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রম শুরু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৪৯ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ