সর্বশেষ

চরফ্যাশনে মায়া নদীতে গোসলে নেমে ইটভাটা শ্রমিক নিখোঁজ

হোম পেজ » লিড নিউজ » চরফ্যাশনে মায়া নদীতে গোসলে নেমে ইটভাটা শ্রমিক নিখোঁজ
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬


 

চরফ্যাশনে মায়া নদীতে গোসলে নেমে ইটভাটা শ্রমিক নিখোঁজ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে মায়া নদীতে গোসল করতে নেমে আলমগীর (৩৫) নামে এক ইটভাটা শ্রমিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকালে শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের মেসার্স ফাহিম ব্রিকসের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, শরীয়তপুর জেলার ঘোষেরহাট থানার কৈলছুরি পাতার চর এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও আবদুর রহমান খাঁর ছেলে আলমগীর গত ডিসেম্বর মাস থেকে চরফ্যাশনে কাজের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। সকালে সহকর্মীদের সঙ্গে প্রতিদিনের মতো তিনি মায়া নদীতে গোসল করতে যান। একপর্যায়ে তাকে আর দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়।

 

পরে নদীর তীরে তার ব্যবহৃত লুঙ্গি, ব্রাশ ও জুতা পড়ে থাকতে দেখে সহকর্মীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। সহকর্মী মোসারফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে আলমগীর মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি পানিতে তলিয়ে যেতে পারেন।

 

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পাশাপাশি বরিশাল থেকে ডুবুরি দল আনার জন্যও যোগাযোগ করা হয়েছে।

 

ফাহিম ব্রিকসের ম্যানেজার আব্বাস উদ্দিন জানান, সকাল সাড়ে সাতটা থেকে আলমগীর নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।

 

শশীভূষণ থানার উপ-পরিদর্শক সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। ডুবুরি দল পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শ্রমিক আলমগীরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৯:১১:২৬ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ