
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় চাহিদামত জ্বালানি তেল না দেওয়াকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতেই ফিলিং স্টেশনের ম্যানেজারকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদল কর্মীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে ও উপজেলা যুবদল কর্মী মোঃ জাহাঙ্গীর সরদার বুধবার রাত সাড়ে ৯টার দিকে আগৈলঝাড়া ফিলিং স্টেশনে গিয়ে দেড়শত লিটার ডিজেল দাবি করেন। এ সময় পাম্পের ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম তেল সংকটের কথা জানিয়ে এত পরিমাণ তেল দেওয়া সম্ভব নয় বলে জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশের উপস্থিতিতেই ম্যানেজারের ওপর হামলার অভিযোগ ওঠে।
পাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা হাতাহাতির ঘটনা দেখে এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জানা যায়, জাহাঙ্গীর নামে ওই ব্যক্তি একটি বোরো ব্লকের জ্বালানি তেলের সুপারিশ নিয়ে সেখানে গিয়েছিলেন এবং পাম্প কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়।
এ বিষয়ে পাম্প ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম বলেন, চাহিদামত তেল দিতে না পারায় তার ওপর হামলা করা হয়েছে। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও থানার ওসিকে জানিয়েছেন।
অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর সরদার বলেন, তিনি এলাকার একটি ব্লকের মেশিনের জন্য জ্বালানি তেলের সুপারিশ করতে গিয়েছিলেন। এ সময় পাম্পের লোকজন তার ওপর হামলা করেছে বলে তিনি দাবি করেন।