গৌরনদীতে উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা চালু, স্বস্তি গ্রামবাসীর

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা চালু, স্বস্তি গ্রামবাসীর
শনিবার ● ৪ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা চালু, স্বস্তি গ্রামবাসীর

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

প্রায় তিন বছর বন্ধ থাকার পর গৌরনদী উপজেলার তিনটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে আবারও চিকিৎসা সেবা চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

 

উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক সংকটের কারণে দীর্ঘদিন এসব কেন্দ্রে এমবিবিএস চিকিৎসক নিয়মিত সেবা দিতে পারছিলেন না। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আটজন নতুন চিকিৎসক যোগদানের পর মফস্বল এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে পুনরায় রোগী দেখা শুরু হয়।

 

স্থানীয়রা জানান, অর্থাভাবে অনেক দরিদ্র রোগী উপজেলা হাসপাতালে যেতে পারেন না। উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত চিকিৎসক বসায় তারা এখন বিনামূল্যে সহজেই চিকিৎসা সেবা পাচ্ছেন। এ সেবা অব্যাহত রাখার দাবিও জানান তারা।

 

বাটাজোর উপস্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালনকারী চিকিৎসক ডা. রিদওয়ানা জানান, প্রতিদিন সেখানে প্রায় ২০ থেকে ২৫ জন রোগী চিকিৎসা নিতে আসছেন। অনেকেই এখনো জানেন না যে এখানে চিকিৎসক বসেন; বিষয়টি জানাজানি হলে রোগীর সংখ্যা আরও বাড়বে।

 

উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার তৌকির আহমেদ জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার উদ্যোগে খাঞ্জাপুর, নলচিড়া ও বাটাজোর উপস্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন একজন করে চিকিৎসক সেবা দিচ্ছেন। এতে দূরবর্তী এলাকার রোগীরা উপকৃত হচ্ছেন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা জানান, সরকারি ছুটির দিন ব্যতীত গত এক সপ্তাহ ধরে তিনটি উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রতিদিন অন্তত দুই শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি সরবরাহ অনুযায়ী ওষুধ বিতরণ করা হচ্ছে। এতে রোগীদের সময় ও অর্থ- উভয়ই সাশ্রয় হচ্ছে।

 

তিনি আরও জানান, বর্তমানে উপজেলা হাসপাতালে প্রতিদিন সাড়ে পাঁচশ’ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপস্বাস্থ্য কেন্দ্রে সেবা চালু হওয়ায় হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৪৬:১২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ