বাউফল ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজে ব্যানারে ছাত্রলীগের স্লোগান, সমালোচনার ঝড়

হোম পেজ » লিড নিউজ » বাউফল ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজে ব্যানারে ছাত্রলীগের স্লোগান, সমালোচনার ঝড়
বুধবার ● ১ এপ্রিল ২০২৬


 

বাউফল ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজে ব্যানারে ছাত্রলীগের স্লোগান, সমালোচনার ঝড়

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজেলার ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের ব্যানারে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের পরিচিত স্লোগান ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা ও আলোচনা শুরু হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণকে ঘিরে কলেজের সাবেক শিক্ষার্থী মো. হাসান ফেসবুক লাইভে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন। ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ চাপে পড়ে এবং উত্তেজনা সৃষ্টি হয়।

 

এর প্রেক্ষিতে বুধবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে কলেজ কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। তবে সম্মেলনের ব্যানারের উপরের অংশে ‘শিক্ষা, শান্তি, প্রগতি’ স্লোগানটি লেখা ছিল, যা ছাত্রলীগের পরিচিত রাজনৈতিক স্লোগান হিসেবে উল্লেখ করা হয়। ব্যানারের মাঝখানে ‘সাংবাদিক সম্মেলন’ এবং নিচে ‘কালাইয়া, বাউফল, পটুয়াখালী’ লেখা ছিল।

 

ব্যানারে এ ধরনের স্লোগান ব্যবহারের বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানের ব্যানারে কীভাবে এমন একটি রাজনৈতিক স্লোগান ব্যবহার হলো।

 

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের ভেতরে এখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতি অনুরাগ রয়ে গেছে বলেই এমন ঘটনা ঘটেছে। একটি সার্বজনীন প্রতিষ্ঠানে এ ধরনের রাজনৈতিক স্লোগান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

 

অন্যদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। ব্যানার তৈরির দায়িত্বে থাকা এক শিক্ষক অসাবধানতাবশত এটি ব্যবহার করেছেন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং ভবিষ্যতে এ ধরনের ভুল যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকবো।’

 

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৫৬ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ