
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে করা মামলায় শ্বশুর ও ভাসুরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি এ আদেশ দেন।
মামলার আসামিরা হলেন বরগুনা সদর উপজেলার পদ্মা গ্রামের আবুল কালাম বিশ্বাস ও মো. ফরিদ বিশ্বাস।
মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ মিম গত বছরের ১৩ অক্টোবর ট্রাইব্যুনালে অভিযোগ করেন, তার স্বামী মো. ফোরকান বিশ্বাস বিদেশে যাওয়ার সময় তার বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা নিয়ে যান। পরবর্তীতে স্বামী বিদেশে থাকার সময় শ্বশুর ও ভাসুর আরও দুই লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মানসিকভাবে নির্যাতন করতে থাকেন।
অভিযোগে আরও বলা হয়, গত বছরের ১০ অক্টোবর সকাল ১১টার দিকে শ্বশুরের বসতঘরে ভাসুর মোবাইল ফোনে তার স্বামীর সঙ্গে কথা বলেন এবং লাউডস্পিকারে গৃহবধূর কাছে আরও দুই লাখ টাকা দাবি করা হয়। তিনি তা দিতে অস্বীকার করলে স্বামীর নির্দেশে শ্বশুর ও ভাসুর তাকে মারধর করেন।
এ সময় ভাসুর গৃহবধূকে তলপেটে লাথি মেরে আহত করেন এবং শ্বশুর বুকের ওপর আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে তার একমাত্র সন্তান মেয়েকে নিয়ে তিনি বাবার বাড়িতে চলে যেতে বাধ্য হন।
মামলার পর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বুধবার আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী নেপোলিয়ন বলেন, ‘আমার মক্কেলরা নির্দোষ। আমরা পুনরায় জামিনের আবেদন করব।’
রাষ্ট্রপক্ষের পিপি রনজুয়ারা সিপু জানান, ‘যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে নির্যাতনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।’