
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে কুড়া (ধানের খোসা) কেনার বকেয়া একশ টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে পোশাক শ্রমিক সজিব আকন (২০) নিহত হয়েছেন। ঘটনার ১০ দিন পর সোমবার দুপুরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তার পরিবারের আরও ছয়জন আহত রয়েছেন।
জানা যায়, আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামের আয়নালী আকন প্রতিবেশী সোনা মিয়া প্যাদার কাছ থেকে ৭০০ টাকায় দুই মণ কুড়া ক্রয় করেন। পরে ওই কুড়ার দাম বাবদ অতিরিক্ত একশ টাকা দাবি করা হয়। এ নিয়ে গত ৫ মার্চ আয়নালী আকন ও সোনা মিয়া প্যাদার মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে।
এর জের ধরে গত ২১ মার্চ (ঈদুল ফিতরের দিন) সকালে আয়নালী আকনের পরিবারের সদস্যরা বিষয়টি জানতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সোনা মিয়া প্যাদার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন ধারালো অস্ত্র নিয়ে আয়নালী আকনের বাড়িতে হামলা চালায়। হামলায় আয়নালী আকন, আল আমিন আকন, সজিব আকন ও রোকেয়া বেগমসহ ছয়জন গুরুতর আহত হন।
আহতদের প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সজিব আকনের মৃত্যু হয়। অন্য আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সজিব আকন ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ঈদ উপলক্ষে ২০ মার্চ তিনি বাড়িতে আসেন।
এ ঘটনায় ২২ মার্চ নিহতের বড় ভাই রুহুল আমিন আকন বাদী হয়ে সোনা মিয়া প্যাদাকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরে ২৪ মার্চ আটজন আসামি আদালতে হাজির হয়ে জামিন পান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।