
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় একটি সড়কে বেড়া দিয়ে চারটি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। প্রায় ১০ দিন ধরে গৃহবন্দী অবস্থায় চরম ভোগান্তি পোহাচ্ছেন ওই পরিবারগুলোর সদস্যরা।
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, এসএ ওমেদপুর মৌজার ৫২৭ দাগের ১ নম্বর খাস খতিয়ানের একটি সড়ক নিজের সম্পত্তি দাবি করে হযরত আলী নামের এক ব্যক্তি প্রায় ১০ দিন আগে কাঠ দিয়ে বেড়া দেন। এতে আবদুল খালেক মুসুল্লী, ইদ্রিস, আবুল হাসান ও আবুল কালামের পরিবার চলাচলে বাধার মুখে পড়ে।
স্থানীয়রা জানান, এর আগে প্রায় দুই বছর আগে ওই সড়কের দুই-তৃতীয়াংশ কেটে পুকুর তৈরি করা হয়। পরে ভুক্তভোগীরা কবরস্থানের ভেতর দিয়ে ঝুঁকি নিয়ে বিকল্প পথে চলাচল করছিলেন। তবে সোমবার ভোরে অপর প্রতিবেশী সামসুল হক সিকদার জাল দিয়ে সেই পথও বন্ধ করে দিলে চারটি পরিবার কার্যত গৃহবন্দী হয়ে পড়ে।
ভুক্তভোগী আবদুল খালেক মুসুল্লী সাগরকন্যাকে বলেন, ‘আমরা ১৯৭৪ সাল থেকে এখানে বসবাস করছি। আগে কোনো সমস্যা ছিল না। ১৯৮৩ সালে তারা এখানে এসে বিভিন্নভাবে বিরোধ সৃষ্টি করছে। এখন আমরা ঘর থেকেও বের হতে পারছি না। কোনো সালিস বা আইন তারা মানে না।’ তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে হযরত আলী জানান, ‘গ্রামে সালিস বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে সড়কে বেড়া দেওয়া হয়েছে।’
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, ঘটনাটি তদন্তে তহসিলদারকে সরেজমিনে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।