
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) পৌরসভার ৭নং ওয়ার্ড থেকে আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আনিচুর রহমান (বাদল)। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি পৌরবাসীসহ ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করি।
তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করছেন। সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা থেকেই কাউন্সিলর পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। জনগণের সমর্থন পেলে ৭নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলে পৌরবাসীর অধিকার রক্ষায় কাজ করবেন এবং যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবেন।
তিনি আরও জানান, এলাকার উন্নয়নে সড়ক-ঘাটের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ, পৌরসেবার মানোন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
রাজনৈতিক জীবনে তিনি জাতীয় সংসদ নির্বাচনে সেন্টার কমিটিতে ওয়ার্ড সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকায় একাধিক মামলা ও হামলার শিকার হয়ে কারাবরণ করেছেন বলেও উল্লেখ করেন।
সবশেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।