
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক প্রবাসীর কাছে চাঁদা দাবি করে তা না পেয়ে মারধরের অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের আনন্দ গাইনের ছেলে প্রবাসী যোগেশ গাইনের কাছে ১৪ মার্চ বিকেলে গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের গৌহর ফকিরের ছেলে খাইরুল ফকিরসহ অজ্ঞাতনামা আরও দুজন এক লাখ টাকা চাঁদা দাবি করে। যোগেশ গাইন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় স্বামীকে বাঁচাতে গেলে তার স্ত্রী সবিতা গাইনকেও লাঞ্ছিত করা হয়। যোগেশ গাইনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত যোগেশ গাইনকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় যোগেশ গাইন বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
চিকিৎসাধীন যোগেশ গাইন বলেন, খাইরুল ফকির ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তার ওপর হামলা চালিয়ে আহত করে।
এ বিষয়ে অভিযুক্ত খাইরুল ফকিরের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।