বাউফলে অগ্নিকাণ্ডে তিন দরিদ্র পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে অগ্নিকাণ্ডে তিন দরিদ্র পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই
শনিবার ● ৭ মার্চ ২০২৬


 

বাউফলে অগ্নিকাণ্ডে তিন দরিদ্র পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে হতদরিদ্র তিন পরিবারের তিনটি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কায়না গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।

 

অগ্নিকাণ্ডে কৃষক রুহুল মৃধা, তার চাচাতো ভাই ফরহাদ মৃধা ও দিনমজুর মোতালেব হোসেনের বসতবাড়িসহ ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, চাল-ডাল, হাঁস-মুরগি ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এতে তারা নিঃস্ব হয়ে পড়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে একটি ঘরে আগুন লাগলেও মুহূর্তের মধ্যে তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে তিনটি বসতবাড়িই সম্পূর্ণ পুড়ে যায়।

 

বাউফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাব্বির হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি বসতবাড়ি পুড়ে যায়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন আশপাশের অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২০:৩৬ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ