গলাচিপায় খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬


গলাচিপায় খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার খেয়াঘাট এলাকা থেকে শুরু হওয়া এ অভিযান কলেজপাড়া পর্যন্ত চলমান রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে খালের দুই পাড়ের সব অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।

জানা গেছে, জনস্বার্থে সেচব্যবস্থা সচল রাখতে পৌর এলাকার গলাচিপা-উলানিয়া অংশের প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। ইতোমধ্যে থানাসংলগ্ন এলাকায় দুই কপাটের সুইসগেট নির্মাণকাজও চলছে। খালের দুই পাড়ে অসংখ্য অবৈধ স্থাপনা থাকায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। আপাতত পৌর এলাকার সরকারি কলেজ পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।

উচ্ছেদ অভিযান পরিচালনাকারী পটুয়াখালী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাজন বসাক বলেন, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। খালের অবৈধ দখলের কারণে সেচব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫৯:৫০ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ