
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বাবুগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণ সমাজের দায়িত্ব ও করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহায়তায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামতের সভাপতিত্বে এবং বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্নার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন। বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এলাকা সমন্বয়কারী হাদিউজ্জামান সুজন, উপজেলা সুজন সহ-সভাপতি প্রধান শিক্ষক সাইদুর রহমান, অর্থ সম্পাদক প্রভাষক মনিরুজ্জামান খোকন, পিএফজি সদস্য মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়দুল হক, ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন, সদস্য সচিব আরাফাত হোসেন মৃধা, জামায়াতে ইসলামীর যুব বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ, ছাত্রশিবিরের সাবেক সভাপতি সৌরভ সরদার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মো. আবদুল্লাহ, ছাত্র আন্দোলনের সভাপতি বেলাল হোসাইন সিয়াম, সুশীল সমাজের প্রতিনিধি ইঞ্জিনিয়ার মহসিন উদ্দিন শামীম, শিক্ষার্থী প্রতিনিধি শামসুন্নাহার অর্পা ও রাদিফ হাসান আজিমসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও নির্বাচন-পরবর্তী সময়ে উত্তেজনা ও বিভাজন সৃষ্টি হলে তা সমাজের স্থিতিশীলতা ব্যাহত করে। এ পরিস্থিতিতে তরুণদের সচেতন, দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালন জরুরি। গুজব, উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য থেকে বিরত থেকে পাড়া-মহল্লায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সক্রিয় থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ভিন্নমতকে সম্মান জানিয়ে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখলেই একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিলে নির্বাচন-পরবর্তী অস্থিরতা কমে আসবে এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় হবে।