ক্ষোভ ও হাস্যরস স্থানীয়দের রমজানের প্রথম দিনেই মোংলায় ৫ দোকানিকে জরিমানা

হোম পেজ » খুলনা » ক্ষোভ ও হাস্যরস স্থানীয়দের রমজানের প্রথম দিনেই মোংলায় ৫ দোকানিকে জরিমানা
বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬


 

ক্ষোভ ও হাস্যরস স্থানীয়দের: রমজানের প্রথম দিনেই মোংলায় ৫ দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

রমজানের প্রথম দিনে মোংলার পৌর শহরের কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ দোকানিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ এ অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসকের দেওয়া তথ্য ও নির্দেশনার ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে প্রশাসন জানিয়েছে। তবে যৎসামান্য এ জরিমানাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে একদিকে হাস্যরস, অন্যদিকে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়রা অভিযোগ করেন, রমজান শুরুর আগে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা ছিল না। রমজান শুরু হতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমান আদালতকে লোক দেখানো উদ্যোগ বলে মন্তব্য করেন অনেকে।

 

মোংলা পৌর শহরের কয়েকজন বাসিন্দা বলেন, ৫ দোকানে ৬ হাজার টাকা জরিমানা- এটা মস্করা ছাড়া আর কী? জরিমানার নাম করে অভিযানকে বৈধতা দেওয়া হচ্ছে। কাগজে-কলমে অভিযান দেখালেই তো হলো না, এতে ক্রেতারা উপকৃত হচ্ছেন না।

তাদের অভিযোগ, জরিমানার পর দোকানিরা নানা কৌশলে সেই অর্থ আবার ক্রেতাদের কাছ থেকেই আদায় করছেন। তারা আরও বলেন, এক-দুই দোকানে নয়, বিভিন্ন ধরনের দোকানে ব্যাপকভাবে অভিযান চালিয়ে অধিক হারে জরিমানা করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ অনিয়ম করতে সাহস না পায়।

 

ক্রেতাদের ভাষ্য, রোজার আগে যে বেগুন ৩০ টাকায় বিক্রি হয়েছে, এখন তা ৮০ টাকায় বিক্রি হচ্ছে- যা দ্বিগুণেরও বেশি। আগে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া খেজুর এখন ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ফল, সবজি, মাছ ও মুদি পণ্যের দাম বেসামালভাবে বেড়েছে বলে অভিযোগ করেন তারা।

 

অভিযান পরিচালনাকারী মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ জানান, মোংলা শহরে কলার আড়ৎসহ ৫ দোকানিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোন ধারায় জরিমানা করা হয়েছে এবং ওই ধারায় সর্বোচ্চ ও সর্বনিম্ন কত টাকা জরিমানার বিধান রয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোক্তা অধিকার আইন দেখেন।

 

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি জানান, জেলা প্রশাসকের দেওয়া তথ্যানুযায়ী শহরে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:০০ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ